
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বেড়া উপজেলার হাটুরিয়া দক্ষিণপাড়া ধলাই বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে রঙিন সাজসজ্জায় সজ্জিত একাধিক ভেলা অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ও বর্ণিল এই ভেলা বাইচ দেখতে ধলাই বিলের দুই পাড়ে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নানা বয়সী দর্শকের ঢল নামে। অনেক উৎসুক দর্শককে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বিলের মাঝে গিয়ে বাইচের আনন্দ উপভোগ করতে দেখা যায়।
বাইচ চলাকালে প্রতিযোগিতার পাশাপাশি বিলে ভেসে থাকা বিভিন্ন নৌকায় আয়োজন করা হয় ‘যেমন খুশি তেমন সাজো’ পর্ব, যেখানে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির নানা ঐতিহ্য তুলে ধরা হয়।
প্রতিযোগিতা শেষে বিল পাড়েই এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো. নূরাল আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ চাঁদ প্রামানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রামানিক। পুরো আয়োজনটির সার্বিক সৌজন্য ও তত্ত্বাবধানে ছিলেন মো. আশরাফুল আলম প্রামানিক।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।




