
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদ। তাকে বদলি করে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইল ছাড়াও নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির এবং পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসনের এ রদবদলের মাধ্যমে টাঙ্গাইলসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।




