
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
বর্ণাঢ্য আয়োজনে স্মৃতি-আড্ডা আর আনন্দে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সদরের করটিয়া এলাকায় সরকারি সা’দত কলেজ প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯২ সালে শুরু হওয়া ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ৮৪৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ফটোসেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো: শরীফ ইস্পাহানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ শাহজাহান কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মো: কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আশেকুল হাসান, প্রফেসর খঃ আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো: হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশ’সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান খান রুবেল। অনুষ্ঠান প্রচার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ন আহবায়ক মো: রাশেদ খান মেনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজিবুর রহমান সৌরভ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।




