
মোঃ কামাল উদ্দিন, জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল (২৬) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলের কোমর ও হাতের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুরে রেফার্ড করেন। পরে জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। সর্বশেষ সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বর্তমানে আহত কাজলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তিনি কীভাবে কাজ করছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এবিষয়ে খোঁজ নিলে পল্লী বিদ্যুতের কয়ড়া সাব জোনাল অফিস ও সাব ষ্টেশনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি |




