
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা, ঘুষ গ্রহণ, অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গত রোববার উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে স্থানীয় একটি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সোহাগ এসব অভিযোগ করেন।
বক্তব্যে তিনি দাবি করেন, চিহ্নিত মাদক কারবারিদের নাম পুলিশকে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে স্থানীয়দের কাছ থেকে অর্থ আদায় এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, এসব কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে এসআই মো. মিজানুর রহমান বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, চেয়ারম্যানের বিভিন্ন অন্যায় তদবির রাখা সম্ভব না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এসব বক্তব্য দিয়েছেন। দুটি ইউনিয়নের দায়িত্ব একাই পালন করার পাশাপাশি নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, ঘুষ বা মাসোহারা নেওয়ার প্রশ্নই আসে না। যাদের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, বিষয়টি তার জানা নেই। তবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



