
বেড়ায় ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালিত
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
‘ভবিষ্যৎ সবার: নারী-পুরুষের সমতা, মর্যাদা ও সম্মিলিত অগ্রযাত্রায় পুরুষের ইতিবাচক ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ‘পেঁচাকোলা কমিউনিটি ইয়ুথ’-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর এআরসি ইনিশিয়েটিভের (ARC Initiative) আওতায় এবং গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের (GFC) সহায়তায় কমিউনিটি লেড ইনিশিয়েটিভের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ব্রেডের প্রকল্প সমন্বয়ক মো. আশিকুর রহমানের সভাপতিত্বে এবং যুব প্রতিনিধি তামিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম মোল্লা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চাঁদ আলী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ইতিবাচক পুরুষত্ব, জেন্ডার সমতা এবং পরিবার ও সমাজে পুরুষ ও ছেলেদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নারী-পুরুষের সমান মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পুরুষত্ব মানেই আধিপত্য নয়; বরং দায়িত্বশীলতা, সহমর্মিতা ও নারীর প্রতি সম্মানবোধের মাধ্যমেই ইতিবাচক পুরুষত্ব প্রকাশ পায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই পারিবারিক দায়িত্বের সুষম বণ্টন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




