
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান আল-কোরআনের এ বাণীকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমির মাওলানা জাকারিয়া আলম। শাহ নূর মোহাম্মদ নিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান আজাদী।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান আজাদী বলেন, নির্বাচনের পর নেতাকর্মীদের মানুষের বাড়ি বাড়ি ও জনগণের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। আগামী স্থানীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রার্থীদের এমনভাবে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, যাতে জনগণ তাদের প্রতি আস্থাশীল হয়। তিনি বলেন, অতীতের নির্বাচনে জনগণ ভোট দিলেও সেই বিজয় রক্ষা করা সম্ভব হয়নি। আগামী স্থানীয় নির্বাচনে কেউ যেন ভোট চুরি করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি দাওয়াতি কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন বলেন, দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি নেতাকর্মীরা। ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট চুরি করতে না পারে।
অতীতের নির্বাচনে অর্জিত বিজয় ছিনিয়ে নেওয়া হলেও আগামী দিনে আর কাউকে বিজয় ছিনিয়ে নিতে দেওয়া হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক আবদুল আজিজ জামালী, জামায়াতের সাবেক আমির আমিনুর বিএসসি, উপজেলা যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, চরপাকেরদহ ইউনিয়ন শাখার সাবেক আমির শাহ সাইদুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আনা উল্লাহ।
সমাবেশে চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




