
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও কাভেরী মেহেদীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে গত ১ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
বিজিবি জানায়, বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে একটি কাভার্ড ভ্যান চেকপোস্টের দিকে আসার সময় চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করেন। এ সময় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল জব্দ করা হয়।
৫৫ বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যান যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান বন্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও জনসচেতনতার মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে কাজ করছে বাহিনীটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করেছে। এসব অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে।



