
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের নাগরপুরে রাধা মাধব কল্যাণ ট্রাস্টের নামে হাসপাতাল, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য দান করা জমি ভরাটে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়নের পূর্বপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জমিদাতা সুশান্ত কুমার গোস্বামী, রাধা মাধব কল্যাণ ট্রাস্টের পরিচালনা কমিটির সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সদস্য চন্দ্রী পাল এবং স্থানীয় বাসিন্দা মারুফা খান ও প্রিয়া বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা সুশান্ত কুমার গোস্বামী নাগরপুর উপজেলার ভারড়া মৌজার ১২৬৪ দাগে থাকা ১২৬ শতাংশ জমির মধ্য থেকে ১০ শতাংশ জমি হাসপাতাল নির্মাণের জন্য ঘোষণাপত্রের দলিলমূলে বিনামূল্যে দান করেছেন। ওই জমিতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তাদের অভিযোগ, গত ৬ অক্টোবর দুপুরে ট্রাকে করে মাটি এনে ওই জমি ভরাটের কাজ শুরু করা হলে প্রয়াত স্থানীয় সাবেক চেয়ারম্যান কুদ্দুস মিয়ার তৃতীয় স্ত্রী রাশেদা কুদ্দুস, তাঁর দুই ছেলে বিজয় ও জয় এবং অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সেখানে এসে বাধা দেন। এ সময় জমিদাতা সুশান্ত কুমার গোস্বামী বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বক্তারা।
তাঁরা বলেন, এলাকায় একটি হাসপাতাল নির্মাণ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা। হাসপাতালসহ পরিকল্পিত প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা হলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। তাই নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দান করা জমিতে হাসপাতাল, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানগুলো যেন যথাযথভাবে জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করার দাবি জানান।




