
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে সখীপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের হেলাল মিয়া (৪২)।
এসআরবি সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি কাভার্ডভ্যান এবং সেটিকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা ও অন্যান্য জব্দ করা আলামতসহ তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



