
আবুজর গিফট, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় জাল পরিবহনের দায়ে ট্রলারের চালক ও হেলপারকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জের আরিচাঘাট থেকে কাজীরহাট ঘাটে আসা একটি ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আরিচাঘাট থেকে ছেড়ে আসা একটি ট্রলারে নিষিদ্ধ জালের চালান আসছে—এমন সংবাদের ভিত্তিতে কাজীরহাট নৌ-পুলিশের সহায়তায় কাজীরহাট ঘাটে অভিযান চালানো হয়। ট্রলারটি ঘাটে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৫টি বস্তায় ভরা মোট ৭৫ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এ সময় জালের চালানের সাথে জড়িত থাকায় ট্রলারের চালক ও হেলপারকে আটক করা হয়।
পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসার জানায়, জব্দ করা জালগুলো বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। আগামী রবি বা সোমবার আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হবে।



