
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
রায়গঞ্জ উপজেলার নিমগাছি ব্রেড প্রকল্প অফিসে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এলজিআই) সাথে আদিবাসীদের এক অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট) কলিয়া আদিবাসী সমিতির সভাপতি শ্যামল কুমার মাহাতোর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ ইলিয়াস হাসান শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া। তিনি বলেন, “আমার ইউনিয়নের সব ধরনের নাগরিক সেবা আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। যেকোনো প্রয়োজনে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেওয়ার পাশাপাশি পরিষদীয় সব কার্যক্রমে আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
সভায় অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন— ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রাণিসম্পদ উন্নয়ন ফ্যাসিলিটেটর নির্মল কুমার মাহাতো, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা বাবুল আক্তার এবং ইউনিয়ন কৃষি কর্মকর্তা সেলিম রেজা। প্রাণিসম্পদ কর্মকর্তা নির্মল কুমার মাহাতো বলেন, সেবা গ্রহণের জন্য আদিবাসী জনগণকে আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। কৃষি কর্মকর্তা সেলিম রেজা আদিবাসী কৃষকদের মধ্যে কৃষক কার্ড প্রদান ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হাসান শেখ জানান, সরকারি সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। ব্রেড-এর মতো উন্নয়ন সহযোগী সংস্থার সাথে যৌথভাবে কাজ করে আদিবাসী জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।
ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমানের সঞ্চালনায় ও প্রজেক্ট অফিসার সুলাইমান শেখের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মতবিনিময় সভায় সোনাখাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গ্রামের আদিবাসী নারী-পুরুষ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




