
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইল পৌর শহরের চারটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো গুরুতর অনিয়মের প্রমাণও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। রোগীদের সঙ্গে প্রতারণা বা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এমন কোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




