
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা শিপন মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে জব্দ করা বালু জনস্বার্থে চৌমুহনী–তুলসীপুর–বরুড়া সড়কের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




