
(হবিগঞ্জ প্রতিনিধি 🙂
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর থানার এসআই প্রদীপের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রাইচরণ দাশের ছেলে রিপন দাশ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপ ভ্যানে তোলা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




