
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনুর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত দুইটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে সিলেটগামী বাংলাদেশ ডাক বিভাগের মেইলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।




