
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া শাহ আলম (৪২) ও তাঁর স্ত্রী জাহানারার (৩৪) দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয়।
মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মাধবপুর থানায় জিআর মামলা (নম্বর ৩৪৫) দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলছিল। সম্প্রতি এ মামলার সূত্র ধরে শাহ আলম ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ-২ রনজিৎ রায় বলেন, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, মহব্বত আলীর দেহাবশেষ একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। শুক্রবার সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।




