
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেজুড়া এলাকায় অবস্থিত যমুনা কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি যমুনা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আহতরা হলেন—মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শরীফ (২২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার বাবাইতারি এলাকার ইমদাদুল হকের ছেলে সামিউল (৩০)।
বিস্ফোরণের খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




