
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘জিনের বাদশা’ নামে পরিচিত প্রতারক চক্রটির মূল হোতা হিসেবে তাকে শনাক্ত করা হয়েছে।
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জীর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) রাফিউল করিম, এএসআই (নিরস্ত্র) মো. বিপুল ইসলামসহ পুলিশের একটি দল।
পুলিশের দাবি, গ্রেপ্তার শাকিল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিলেন।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার শাকিলকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




