
আবুজর গিফারী, পাবনা:
“বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমৃদ্ধির ৪৬ বছর” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৬ বছর পেরিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করেছে পাবনার ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন ‘বেড়া প্রেস ক্লাব’। এ উপলক্ষে আজ ২৯ জুন ২০২৬, সোমবার এক বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯৮০ সালের ২৯ জুন প্রতিষ্ঠিত হওয়া এই প্রেস ক্লাবটি দীর্ঘ সাড়ে চার দশক ধরে বেড়া অঞ্চলের সাংবাদিকতার বিকাশ, জনদুর্ভোগের চিত্র তুলে ধরা এবং এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ সোমবার সকাল ০৮:০০ ঘটিকায় বেড়া প্রেস ক্লাব কার্যালয়ের (ইছামতী সিনেমা হল মার্কেট, ৩য় তলা) সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যান্ড পার্টির বাদ্য বাজনা এবং আতশবাজি ফোটানো সহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজনে পুরো এলাকা অন্যরকম এক উৎসবের নগরীতে পরিণত হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে বেড়া প্রেস ক্লাবের জন্মদিনের কেক কাটা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কাটা শেষে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেড়া প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ শামসুল ইসলাম চৌধুরীর (সজীব) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া প্রেস ক্লাবের সদ্য বিদায়ী নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ মহসিন মল্লীক, গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার, ক্রিসেন্ট হাসপাতানের পরিচালক মোঃ মারুফ চৌধুরী, বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা কালীন কোষাধ্যক্ষ বসন্ত দাস। সমগ্র আলোচনা সভা অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন বেড়া প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব আবুজর গিফারী।
আলোচনা সভায় বক্তারা বেড়া প্রেস ক্লাবের দীর্ঘ ৪৬ বছরের গৌরবময় পথচলার স্মৃতি চারণ করেন এবং আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রেস ক্লাবের সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




