
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তর ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়।
সভায় সড়ক ও জনপথ বিভাগ, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, ফোরলেন প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাস-মিনিবাস ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি, সিএনজি ও অটোরিকশা শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি ঈদ উপলক্ষে পশুর হাট যেন মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দেন। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম পিপিএম-সেবা, জেলার সার্কেল কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



