
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরে অবৈধভাবে জ্বালানি মজুদের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের ভিন্নমুখী সিদ্ধান্ত ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই ধরনের অপরাধে দুই ঘটনায় ভিন্ন শাস্তি দেওয়ায় স্বজনপ্রীতি, দায়িত্বে অবহেলা নাকি বিশেষ কোনো কারণ—তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
কিছুদিন আগে জামালপুরে ৫ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদের দায়ে শশুর জামাই কে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি মজুদ রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
অন্যদিকে, সম্প্রতি একই জেলায় ৩০ লিটার অক্টেন জব্দ করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা কর্মকর্তার। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, একই অপরাধে শাস্তির এ ধরনের বৈষম্য আইনের সমতা নীতির পরিপন্থী। তারা প্রশ্ন তুলেছেন—কেন ৫ লিটারের জন্য কারাদণ্ড, আর ৩০ লিটারের ক্ষেত্রে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হলো?
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।




