
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পাথরের শিল দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।
মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি ঘুমিয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখে একাধিকবার আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ করেন স্বজনেরা।
আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের দাবি, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।