
পাবনার বেড়ায় আনন্দঘন, প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৬ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে বেড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মণ্ডপগুলোর সার্বিক খবরাখবর নেন।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, "পূজা উদযাপনে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।" অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে আনসার ও পুলিশ বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক পাহারার জোর আশ্বাস প্রদান করেন তিনি। একইসঙ্গে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা রক্ষায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সজাগ থাকার ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ পদক্ষেপ ও তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা।