
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে ভূষিত হয়েছেন। গত ৫ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা পদক, সনদপত্র এবং ২ লাখ টাকার চেক তুলে দেন।
দীর্ঘ শিক্ষক জীবনে আরবি ভাষা ও সাহিত্যের সহজ উপস্থাপন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। পাবনার একজন শিক্ষকের জাতীয় পর্যায়ের এই বিরল অর্জনে জেলায় ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়েছে। পুষ্পপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান এ অর্জনকে পুরো শিক্ষা পরিবারের জন্য চরম গর্বের মাইলফলক হিসেবে অভিহিত করেন।
অধ্যাপক ইমরান হুসাইন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া এই রাষ্ট্রীয় সম্মাননা আমার দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দিল। শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা আমি করে আসছি, তা আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি তাঁর এই অর্জনের পেছনে মা-বাবা, শিক্ষকবৃন্দ ও সহকর্মীদের অবদানের কথা স্মরণ করেন এবং প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে ইমরান হুসাইনের এমন সাফল্যে পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিদ মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এই সাফল্য এলাকার তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা জোগাবে।




