
টাঙ্গাইল শহরে ৩১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। তবে এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মঙ্গলবার রাতে রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগের একটি আকস্মিক চেকপোস্ট বসানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় এটিএসআই জহুরুলের নেতৃত্বে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
এ সময় একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এটিএসআই জহুরুলসহ ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটির পিছু নেন। একপর্যায়ে মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি থামানোর পর চালকসহ সংশ্লিষ্টরা গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মাইক্রোবাসটির মালিকানা ও গাঁজার চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।