
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।