
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মাছখালী গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোস্তাক আহাম্মেদ ব্যাপারী (মেম্বার) ও তাঁর ভাই রেজাউল ইসলামের বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবার দুটির আনুমানিক ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না শেষ করার পর কোনো কারণে সিলিন্ডারের পাইপ লিক হয়ে ঘরে গ্যাস জমে যায়। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে পুনরায় চুলা জ্বালাতে গেলে মুহূর্তে সারা ঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে পাশের রেজাউল ইসলামের ঘরেও আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় দুই ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, মূল্যবান দলিলাদি ও নগদ টাকাসহ সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরা উদ্যোগী হয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দুই ভাইয়ের বসতঘরের সবকিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়।
সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মোস্তাক মেম্বার বলেন, "সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাইনি। গায়ে পরিহিত এই পোশাক ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। সবকিছু পুড়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের দুই ভাইয়ের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।"
এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। সর্বশান্ত হয়ে পড়া পরিবার দুটিকে দ্রুত জরুরি সরকারি ও মানবিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।