
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা, হেনস্তা বা শারীরিক-মানসিকভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা বা হেনস্তা করা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।কর্মসূচিতে বাসকপ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, এস এম আতোয়ার রহমান, তারেক রহমান, আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের ঢাকা ক্লিনিকে সাংবাদিক সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।




