
সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১০ নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাহফুজ মিয়া।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, কামরুল হাসান । এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি শিশুর সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সম্মিলিত ভূমিকা রয়েছে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ নারী শিক্ষার্থীর বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা আরও বলেন, মেয়েরা এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তারাও দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে।
পরে বৃত্তিপ্রাপ্ত ১০ নারী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




