
পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত গাঁজা ডিলার মোঃ মোকাইল (মিকাইল)-কে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) উপজেলার চাকলা পূর্বপাড়া এলাকায় এক সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রামক আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের কড়া নজরদারিতে ছিলেন চাকলা পূর্বপাড়া এলাকার জয়নাল প্রামাণিক ও আছিয়া খাতুনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মিকাইল। আজ গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চিহ্নিত এই ডিলারকে হাতেনাতে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। বেড়া মডেল থানা পুলিশের এস আই আলী আজমের প্রসিকিউশনে পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
আটক করার পর আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সম্মুখে সে নিজের অপরাধ স্বীকার করে। অপরাধ স্বীকার করায় আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে, একই আইনের ৩৬(১) এর ২১ ধারায় তাকে ০৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি), নয়ন কুমার সরকার বলেন,"মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের এই যৌথ মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদক মুক্ত সমাজ গড়তে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।"
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের শিকড় উপড়ে ফেলতে এই ধরনের আকস্মিক ও কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।