
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে জাকের শেখ নামের এক কুখ্যাত মাদকসেবীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (০৭ জুন, ২০২৬) বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এর নেতৃত্বে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শিমুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুদীপের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তৎপর ভূমিকা পালন করে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারী জাকের শেখকে হাতেনাতে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটককৃত জাকের শেখ গাঁজা বিক্রির বিষয়টি অস্বীকার করলেও, দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়মিত মাদক (গাঁজা) সেবনের কথা আদালতের কাছে স্বীকার করে। পরবর্তীতে তার নিজস্ব স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বেড়া মডেল থানর পুলিশ ইন চার্জ নয়ন কুমার সরকার জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।



