
পাবনার বেড়ায় নামী ও স্বনামধন্য প্রতিষ্ঠানের লোগো ও নাম জালিয়াতি করে ভেজাল পোল্ট্রি ফিড (খাদ্য) তৈরি ও বাজারজাতকরণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার (৭ জুন) দুপুরে পাবনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে বেড়া পৌরসভার কানাইবাড়ি মোড় এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কানাইবাড়ি মোড় এলাকার ব্যবসায়ী মোহাম্মদ রায়হান উদ্দিন (পিতা: আরশেদ আলী) দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে আসছিলেন। তিনি এসব ভুয়া পরিচয় ব্যবহার করে নকল ও ভেজাল পোল্ট্রি ফিড তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে সাধারণ খামারি ও মানুষের সাথে প্রতারণা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ওই প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে জালিয়াতির সত্যতা মেলায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী রায়হান উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভেজাল খাদ্য ও নকল লোগো জব্দ করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি গণমাধ্যমকে বলেন, "অনুমোদনহীন লোগো ও নাম ব্যবহার করে ভেজাল খাদ্য তৈরি এবং বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ খামারিরা চরমভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।