
পাবনার বেড়া উপজেলার অধীরনগর এলাকায় সড়কের পাশের জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে রাস্তা ক্ষতিগ্রস্ত করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
আজ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) বিকেলে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। অভিযানে আরো অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে মো. রফিকুল ইসলাম (সাং: মোহনগঞ্জ, বেড়া, পাবনা) নামে ওই অভিযুক্তকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ আর করবেন না মর্মে দুইজন সাক্ষীর উপস্থিতিতে অভিযুক্তের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।