
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবিতে পাবনার বেড়ায় জমকালো আয়োজনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকাল ৩টায় উপজেলার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি ইমামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান আহমেদ নাইমের সঞ্চালনায় সম্মেলনে দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার বৈষম্য, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার চলমান সংকট ও একটি সুস্থ গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরকত উল্লাহ মারুফ।
এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত অতিথি ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: আবদুল আলিম: কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক মজুর সংহতি এবং আহ্বায়ক, গণসংহতি আন্দোলন (বেড়া উপজেলা শাখা), কাছেদ আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক, তাহমিদা ইসলাম তানিয়া, আহ্বায়ক, গণসংহতি আন্দোলন (নাটোর জেলা) ও সাবেক ছাত্রনেতা, মহব্বত হোসেন মিলন: প্রচার সম্পাদক, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।
সম্মেলনে ছাত্র ফেডারেশনের সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং গণসংহতি আন্দোলন (GSA)-এর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।




