
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন ভূমি অফিসের গুরুত্বপূর্ণ পর্চা মোবাইলে স্ক্যান করে অবৈধভাবে বিক্রির দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল মহিষবান বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
অভিযুক্ত ব্যক্তি কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামের আসাদুল্লাহর ছেলে সজীব। তিনি দীর্ঘদিন কড়ইচড়া ইউনিয়ন ভূমি অফিসে কাজ করার সুবাদে অফিসের বিভিন্ন পর্চা ও নথি নিজের মোবাইল ফোনে স্ক্যান করে সংগ্রহ করেন। পরে মহিষবাথান বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সজীব কম্পিউটার’ থেকে সরকারি ফি ফাঁকি দিয়ে এসব নথি অবৈধভাবে গ্রাহকদের কাছে বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ‘সজীব কম্পিউটার’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোবাইল ফোনে স্ক্যানকৃত সরকারি পর্চা সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় সজীবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “সরকারি নথি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও অবৈধভাবে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ভূমি অফিসের স্বচ্ছতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তবে এ বিষয়ে কড়ইচড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হানিফ, সজীব যে ভূমি অফিসের নথিপত্র স্ক্যান করে সংরক্ষণ করেছে, এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করেতে রাজি নয় তিনি ।




