
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ সময় স্ত্রী'র চিৎকার পেয়ে তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার আনুমানিক বেলা ৩ টা মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২ ঘটিকার দিকে নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিনা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। তার চিৎকার শুনে স্বামী আবু কাশেম এগিয়ে এসে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই রিনা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত আবু কাশেম (৪৮) বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আবু কাশেম বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল গারীর ছেলে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে এমন দুর্ঘটনার অন্যতম কারণ।