
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজে পেট্রোল সংকটের অভিযোগে মোটরসাইকেল চালকদের ভিড়ের মধ্যে অভিযান চালিয়ে মজুদ তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রোল বিক্রি না করায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, শনিবার সকাল থেকেই পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজের সামনে পেট্রোলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই। এতে চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানের ভেতরে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার প্রমাণ পায় ।
এ ঘটনায় মজুদ রেখে বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি শুরু করা হয়।
এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




