
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
বাজার মনিটরিং ও তদারকিমূলক অভিযানে বাধা, হুমকি এবং মার্কেট বন্ধের অপচেষ্টার প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা কমিটি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের কাছে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়। এ সময় তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মঞ্জু রানী প্রামানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সদর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মাসুদ রানা, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রিপন, দেলদুয়ার থানা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা কমিটির সদস্য রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, নাহার চাকলাদার, মো. শাহআলম, মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা, বাজার মনিটরিংকালে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা।
এ ছাড়া ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ক্যাব টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, বাজার তদারকিমূলক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সতর্কতা কামনা করা হয়েছে।



