
টাঙ্গাইলে জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু'র বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।( ১৫ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, সদ্য বহিষ্কৃত জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক একেএম আব্দুল্লাহ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান টুটুল, সাবেক ছাত্রনেতা ইমন, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাকিব প্রমুখ। এসময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাত হোসেন রিফাতসহ কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে তৌহিদুল ইসলাম বাবু বলেন, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি। তারপর থেক শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও পরবর্তীতে জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকায় ২ বার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। এছাড়াও টাঙ্গাইলে একাধিকবার গ্রেফতার হয়ে কারাভোগ করেন। ৫ আগস্টের পূর্বে পুলিশ এরেস্ট করে ক্রস ফায়ার দেওয়ার জন্য কয়েকদিন গুম করে রাখে। তিনি আরও বলেন, রাজনীতি করি আদর্শের জন্য পদ পদবির জন্য নয়। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতিকে ধারণ করি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের বিএনপি করি। পদের রাজনীতি করি না।