
মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার .
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আইরমারা এলাকায় এক সংবাদকর্মীর বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলামসহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমানের বাড়ির জমিতে জোর করে খুঁটি স্থাপন করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগ রয়েছে, তারা বাড়ির চারপাশে বেড়া দিয়ে পরিবারটিকে একপ্রকার অবরুদ্ধ করে রাখে, ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আমিনুর রহমান সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।




