
জামালপুর জেলার মাদারগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজায় অংশ নিলেন অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তায় জানাজায় অংশ নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে বদরুল আলম সরদার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান।
পরিবার সূত্রে জানা গেছে অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার এর মা মনোয়ারা বেগম (৬৫) বুধবার রাত ১১ টায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইন্না লিল্লাহি....... রাজিউন। একমাস ১০ দিন কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার। মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মাকে শেষ বেলায় দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। লিখিত আবেদনের প্রেক্ষিতে দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। পরে পুলিশের গাড়ীতে নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে দুইপাশে পুলিশ থাকা অবস্থায় মাঝখানে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা ও দাফন সম্পন্ন করে পুনরায় পুলিশের গাড়ীতে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। জানাজা নামাজ সাড়ে ৪ টার সময় নির্ধারন থাকলেও পুলিশ প্রশাসনের সিদ্ধান্তের কারণে পৌনে এক ঘন্টা পূর্বেই শেষ করা হয়। এর ফলে প্রায় শতাধিক মানুষ জানাজায় অংশ নিতে পারেননি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারের মা মারা যাওয়ার তথ্যটি জেলায় পাঠাই। আদালতের নির্দেশে তাকে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয় এবং জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করে পুলিশের নিরাপত্তায় তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা সাভারে ছাত্র হত্যা মামলায় গত ২০ নভেম্বর/২০২৫ ইং তারিখে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আটক করে র্যাব-৪।
এরপূর্বে তিনি একটি মামলায় জামিন নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করলেও পরবর্তীতে তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়। এরপর তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা অপসারিত ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গত ১৩ ডিসেম্বর/২৫ ইং তারিখে ঢাকা থেকে জামালপুর জেলা কারাগারে স্থানান্তর করে কর্তৃপক্ষ।