
আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় ৩ জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। ২৭ ডিসেম্বর (শনিবার) রাত ২টার দিকে চর বোয়ালমারী নামক সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৯ সংলগ্ন এলাকা দিয়ে তিন নাগরিককে বাংলাদেশের ভিতর জোর করে ঠেলে দেওয়া হয়।
অবৈধভাবে পুশইন তিনজনের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মুখ জবানে তারা হলেন আসাম রাজ্যের নওগাঁ জেলার সালনা থানার জমদার আলীর মেয়ে আয়েশা খাতুন (৪৮), নওগাঁ জেলার কলিয়াবর থানার হাতিগাও গ্রামের আব্দুল জব্বার আলীর ছেলে রুস্তম আলী (৬০) , এবং একই জেলার রোহা থানার বাসিন্দা সমর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬), কে বাংলাদেশে পুশইন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করার পর তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২ কিঃ মিঃ ভিতর চর বোয়ালমারী গ্রাম পাড় হয়ে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করলে। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তখন তারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে খবর দেয়। গয়টাপাড়া বিওপির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
গয়টাপাড়া বিওপি কোম্পানি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ভারতীয় তিন জনকে ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে জামাল পুর ব্যাটালিয়ন ( ৩৫ বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে ।




