
স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল পৌর এলাকার ছয়আনী পুকুরপাড় সংলগ্ন মারিয়াম ফুড কর্নার রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দশমিকের সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা ও ত্রিজান চৌহান, কোষাধ্যক্ষ মিমি, কার্যকরী সদস্য সুইটি, শান্তা, মীমসহ অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক বছরের কার্যক্রমের ভিত্তিতে সংগঠনের কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’-এর সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা ও হাতখরচের অর্থ জমিয়ে সমাজসেবামূলক বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সংগঠনটি এরই মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বস্তি এলাকার ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, ঈদ উপহার প্রদান, পিঠা উৎসব, মেহেদী উৎসব, ইফতার বিতরণ ও এক বেলার আহার কর্মসূচি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।