
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ করায় এক আবেগঘন ও বর্ণিল উৎসবে রূপ নেয় বিদ্যালয় প্রাঙ্গণ। শত বছরের শিক্ষা-ঐতিহ্যকে সম্মান জানাতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার বিশিষ্টজনদের অংশগ্রহণে দিনভর মিলনমেলায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।
শনিবার (১৩ ই ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এক শতাব্দী ধরে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে আসছে। বহু আলোকিত মানুষ গড়ে তোলার ইতিহাস বহনকারী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় আজও এলাকার শিক্ষা আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিত।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে তারা প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে স্মৃতিচারণায় মেতে ওঠেন, ফিরে যান ছাত্রজীবনের সোনালি অধ্যায়ে।
উদযাপনের অংশ হিসেবে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নাচ, গান ও আবৃত্তি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের মতে, ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কেবল একটি প্রতিষ্ঠানের ইতিহাস উদযাপন নয়—এটি একটি জনপদের শিক্ষা-সংস্কৃতি, মূল্যবোধ ও প্রজন্মান্তরের স্মৃতিকে এক সুতোয় গেঁথে রাখার এক অনন্য উপলক্ষ।




